কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে সেখানকার একটি টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাগেজ সিস্টেমের ত্রুটি থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামের এ বিমানবন্দরটি সাধারণভাবে নাইরোবি বিমানবন্দর নামে পরিচিত। ২০১৩ সালেও একবার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রী ও স্টাফদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেনিয়া এয়ারপোর্ট অথরিটির এক বিবৃতিতে বলা হয়েছে, টার্মিনালের সব যাত্রী ও স্টাফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপক টিমই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কেনিয়া এয়ারওয়েজ ছাড়াও তার্কিশ এয়ারওয়েজ, ইমিরেটস, ব্রিটিশ এয়ারওয়েজ ও ইথিওপিয়ান এয়ারলাইন্স এ বিমানবন্দরটি ব্যবহার করে থাকে। — রয়টার্স