দর্শক সাড়া আর প্রশংসায় মিনারের মিউজিক ভিডিও ‘কেউ’

 
‘কেউ, তোমাকে দিয়েছে কিছু ঘুম। আমাকে দিয়েছে রাত জাগা/ কেউ, তোমাকে জড়ালো সে হাওয়ায়। জানিয়ে যে গেলো ভালোলাগা.....’ কথাগুলো কথাশিল্পী ইশতিয়াক আহমেদের, আর তাতে কণ্ঠ দিয়েছেন মিনার রহমান।
 
২৫ জুন ইউটিউবে প্রকাশিত ‘কেউ’ এর মিউজিক ভিডিও। মার্শেলের সুর-সংগীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন গানটির গীতিকার ইশতিয়াক আহমেদ নিজেই।
 
উল্লেখ্য, ভালবাসা দিবসে প্রকাশিত হয় ‘কারণে অকারণে’ শিরোনামের বিশেষ ইপি। ‘কারণে অকারণে’ গান ছাড়াও ‘কেউ’ এবং ‘ঢাকা’ শিরোনামের দুটি গান নিয়ে ইপি’টি প্রকাশিত হয়।
 
অডিও প্রকাশের চার মাসের মাথায় ‘কেউ’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করলেন গীতিকার, নির্মাতা ইশতিয়াক আহমেদ। ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন শিবলী, পিয়াল ও ইভান।
 
নতুন মিউজিক ভিডিওটি নিয়ে ইশতিয়াক আহমেদ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বছর খানেক পর কাজটি করলাম। যত্ন নিয়ে করার চেষ্টা করেছি।’
 
গানটির বিশেষত্ব নিয়ে তিনি আরো বলেন, ‘অসংখ্য জায়গায় গানটির শুটিং লোকেশন ব্যবহার করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি লোকেশন ছিল। এখন পর্যন্ত বেশ ভাল দর্শক সাড়া পাচ্ছি আমরা।’
 
ইত্তেফাক/আনিসুর