ট্রাম্পের বিতর্কিত টুইটের নিন্দায় রিপাবলিকানরা

 
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টিভি উপস্থাপিকাদের নিয়ে বিতর্কিত টুইটের নিন্দা করেছেন রিপাবলিকান নেতারা। তারা এসব বিতর্কিত টুইট বন্ধ করারও দাবি জানিয়েছেন। এদিকে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনে যোগ্য কিনা তা যাচাইয়ে ১১ সদস্যের একটি কমিশন গঠনের প্রস্তাব করেছেন এক ডেমোক্র্যাট কংগ্রেস্যমান। অন্যদিকে কিছু রাজ্য ভোটার সংক্রান্ত তথ্য দিতে অস্বীকার করায় তাদের নিন্দা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর সিএনএনের।
 
মার্কিন দুই টিভি উপস্থাপিকা জো স্কারবরো ও মিকা ব্রেঝেঝিনস্কিকে নিয়ে বারবার বিতর্কিত টুইট করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তাদের ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলছেন। এ বিষয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেন, সত্যি বলতে কী আমি মনে করি না এসব মন্তব্য সঠিক হচ্ছে। আমাদেরকে বিতর্ক করতে হলেও সভ্যতা বজায় রাখতে হবে। কিন্তু সেটা হচ্ছে না।
 
রিপাবলিকান সিনেটর বেন সাসে প্রকাশ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, দয়া করে এসব টুইট বন্ধ করুন। নিজের অফিসের মর্যাদা রক্ষা করুন। এই ধরনের কাজ স্বাভাবিক নয়। সিনেটর লিসা মুরকাউস্কি বলেন, আপনি এগুলো বন্ধ করুন। আপনি আমাদের আপনার কাজের কিংবা আগের টুইটগুলোর কথা স্মরণ করিয়ে দিতে চান? একজন প্রেসিডেন্টের মানুষের জন্য করার আরো অনেক কিছু আছে। সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, মাননীয় প্রেসিডেন্ট, এগুলো বন্ধ করুন। আপনার এসব টুইট যুক্তরাষ্ট্রের মর্যাদাকে খাটো করছে। প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার জো স্কারবরো ও মিকা ব্রেঝেঝিনস্কিকে নিয়ে অশোভন কিছু টুইট করেন।
 
অন্যদিকে এসব বিতর্কিত টুইট বার্তা দেওয়ায় ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনে যোগ্য কিনা তা যাচাইয়ে ১১ সদস্যের কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাসকিন। তিনি বলেন, চিকিৎসক এবং মনোবিজ্ঞানীদের নিয়ে ১১ সদস্যের একটি কমিশন গঠন করা হোক।
 
কমিশনের নাম হবে ‘ওভারসাইট কমিশন অন প্রেসিডেন্সিয়াল ক্যাপাসিটি’। কমিশনে দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা থাকতে পারেন যারা হতে পারেন সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিংবা অ্যাটর্নি জেনারেল। তারা ট্রাম্পের শারীরিক ও মানসিক পরীক্ষা করবেন এবং দেখবেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সক্ষম কিনা।
 
ইত্তেফাক/আনিসুর