গেল জানুয়ারিতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘স্ট্যাডার্ড ফেব্রিক্স’-এর একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তরুণ অভিনেতা আনোয়ার হোসেন। সম্প্রতি একই নির্মাতার নির্দেশনায় আবারও একটি বিজ্ঞাপনে মডেল হলেন তিনি।
‘চাকা সুপার হোয়াইট ওয়াশিং পাউডার’-এর বিজ্ঞাপনটির শুটিং ১৭ জুন কোক স্টুডিওতে সম্পন্ন হয়েছে। এতে মডেল হওয়া প্রসঙ্গে আনোয়ার বলেন, ‘ফারুকী স্যার অনেক গুণী নির্মাতা। তার মতো এত বড় নির্মাতার নির্দেশনায় আবারও কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। বিজ্ঞাপনটি প্রচারে আসার পর থেকে দর্শক মহল থেকে দারুণ সাড়া পেয়েছি।’
মাত্র শেষ হওয়া ঈদুল ফিতরে বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন আনোয়ার। এর মধ্যে উল্লেখযোগ্য ইসমত আরা চৌধুরী শান্তির ‘শেষ পর্যন্ত’, গাজী আব্দুল মজিদের ‘অনাহত’, পিন্টু সাহার ‘হৃদয়ের মম’ ও সহিদ-উন-নবীর ‘বাহার বাবুর্চি’।
এ ছাড়া আনোয়ার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে চ্যানেল আই ও মাছরাঙা টিভিতে। এগুলো হলো যথাক্রমে সাজ্জাদ সুমনের ‘চুইংগাম’ ও খায়রুল পাপনের ‘হোম থিয়েটার’। নতুন সিরিয়াল ওয়েলকাম ক্লাবে কাজ শুরু করছেন আনোয়ার। ধারাবাহিকটি দেশটিভিতে প্রচারিত হবে।
ইত্তেফাক/আনিসুর