মধ্য আফ্রিকায় সংঘাতে নিহত ২২

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে সাবেক বিদ্রোহীদের মধ্যে নতুন করে লাগা সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। রবিবার সেখানে কর্মরত মানবিক সহায়তাকারী দলের বরাতে এ খবর জানা গেছে।
 
জাতিসংঘ মিশন এমআই-এনইউ-এসসিএ জানায়, শনিবার বাণিজ্যিক শহর কাগা-বান্দোরোতে উভয়পক্ষের মধ্যে সহিংসতা শুরু হয়। মুসলিম প্রধান সাবেক সেলেকা মুভমেন্টের বিদ্রোহীরা শহরটিতে হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। 
IMG0
দেশটিতে জাতিসংঘের ১২ হাজার সেনা রয়েছে। জাতিসংঘ সূত্র জানায়, ‘বিদ্রোহীরা শহরটিতে থাকা পাকিস্তানী ও বুরুন্ডিয়ান সেনাদের সম্মুখীন হয়।’ উল্লেখ্য, সেলেকা বিদ্রোহীরা ২০১৩ সালের মার্চ মাসে দেশটির খ্রিস্টান প্রেসিডেন্ট ফ্রাঁসোইস বোজিজেকে উৎখাত করে অল্প সময়ের জন্য ক্ষমতা দখল করে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু