কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা থেকে গ্রেফতারকৃত তিন নারী ‘জঙ্গির’ চারদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সোমবার কুষ্টিয়ার মুখ্য বিচারিক আদালতের জ্যেষ্ঠ হাকিম এম এম মোর্শেদ রিমান্ড মঞ্জুর করেন।
কড়া পুলিশি প্রহরায় দুপুর একটার দিকে তাদেরকে ভেড়ামারা থানা হেফাজত থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আন নূর যায়েদ তাদেরকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন। শুনানির পর প্রত্যেককে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন- টলি আরা, তিথী ও সুমাইয়া।
উল্লেখ্য, গত শনিবার বামনপাড়া তালতলা এলাকার একটি টিনশেড বাড়ির ‘জঙ্গি আস্তানা’ থেকে তিন নারীকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। এদের মধ্যে টলি আরার স্বামী আরমান আলী ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুরের বাসিন্দা। টলি দীর্ঘদিন ধরে ভেড়ামারা শহরের ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। অপরদিকে নব্য জেএমবির আমির আইয়ুব হোসেন বাচ্চুর স্ত্রী তিথীর বাড়ি নওগাঁয়। এছাড়া তালহার স্ত্রী সুমাইয়ার বাড়ি নাটোর জেলায় বলে পুলিশ জানায়।
ইত্তেফাক/এএম।