দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

নীতি বাস্তবায়নে সব বিভাগকে ১৩ নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগসহ সকল মন্ত্রণালয়, বিভাগ এবং সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ১৩টি নির্দেশনা সম্বলিত চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে একথা জানানো হয়।

বৈঠকে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ভূমির  মূল্য ও ক্ষতিপূরণ নির্ধারণের বিদ্যমান ব্যবস্থা যৌক্তিকীকরণের বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ভূমি ব্যবস্থাপনায় আধুনিকীকরণ প্রক্রিয়া অনুসরণ, প্রতিবন্ধকতা দূরীকরণ এবং ভূমির স্থান ভেদে মূল্য পর্যালোচনার বিষয়েও ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ ও ফেরদৌসী ইসলাম অংশ নেন।