দীর্ঘ দুই দশক পরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সপ্তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক আগামী ৫ থেকে ৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে।
যৌথ কমিশন বৈঠকে অংশ নেয়ার জন্য থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনেই ঢাকায় আসছেন। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম গত রবিবার থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আসন্ন বৈঠকের আলোচ্যসূচি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে থাই পররাষ্ট্রমন্ত্রী ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি বড় দলের নেতৃত্ব দেবেন।
থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত মুনা তাসনিম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, আসন্ন বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ কমিশনের বৈঠকের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীরা দুই দেশের সম্পর্ক আরও পর্যালোচনা এবং শক্তিশালী করার পদক্ষেপ নেবেন।
জবাবে থাই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে বলেন, থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। উল্লেখ্য, সর্বশেষ যৌথ কমিশনের বৈঠকটি হয়েছিল ১৯৯৮ সালে।
ইত্তেফাক/ইউবি