এক সময়ের দারুণ জনপ্রিয় অভিনেতা শাকিল খান। দীর্ঘ সময় হলো চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। নিজের ব্যবসা ও অন্যান্য কাজে এতোটাই ব্যস্ত হয়ে উঠেন যে চলচ্চিত্রে আর কাজ করা হয়ে উঠেনি। যে কারণে এফডিসিতে তার যাতায়াত যেমন কমে যায়, চলচ্চিত্র পরিবারের মানুষদের সঙ্গেও তার যোগাযোগ কমে যায়।
সর্বশেষ তিনি দীর্ঘদিন পর গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিএফডিসিতে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে শিল্পীদের মধ্যে যে আন্দোলন হয়েছে তাকে কেন্দ্র করে তার নামে একটি ভুয়া ফেসবুক একাউন্টে তারই নাম ব্যবহার করে তথ্যমন্ত্রীকে ইঙ্গিত করে বিভ্রান্তিমূলক একটি স্ট্যাটাস দিয়েছে। যা তার জন্য সম্মান হানিকর।
ফেসবুকে শাকিল খানের নিজস্ব একটি ফেসবুক আছে। সেখানে তিনি তার খুব কাছের কিছু মানুষ এবং পরিবারের সদস্যদের রেখেছেন।
বাকী যেসব আইডি আছে সবগুলো ভুয়া বলে দাবী করে শাকিল খান বলেন, ‘ফেসবুকে আমার একটিমাত্রই আইডি আছে। যার নিয়ন্ত্রণ আমারই। এর বাইরে আমার নামে বিভিন্ন যে ফেসবুক আছে তা ভুয়া। সেখান থেকে যদি কেউ কোনরকম মানহানিকর বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেন তার দায়ভার আমি নই কিংবা এরসাথে আমি কোনভাবেই জড়িত নই।’
ইত্তেফাক/আনিসুর