কণ্ঠশিল্পী শহীদ। এই ঈদে তার বেশ কয়েকটি একক গান প্রকাশিত হয়েছে। পাশাপাশি ঈদে তার ব্যান্ড ‘দূরবীন’-এর নতুন অ্যালবাম প্রকাশ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে অ্যালবামটি প্রকাশিত হয়নি। সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে।
ঈদ কেমন কাটলো?
অনেক ভালো কেটেছে। ঈদের সময় একদম ব্যস্তমুক্ত থাকি, পরিবারকে সময় দিতে পারি। যদিও ঈদ ছাড়াও আমার ব্যস্ততা খুব বেশি কখনো থাকে না । এই ঈদে পরিবারকে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, সব মিলিয়ে অনেক ভালো ভাবে এবারের ঈদটা উপভোগ করেছি।
এই ঈদে আপনার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। কেমন সাড়া পেলেন?
এই ঈদে সর্বমোট ৫টি গান রিলিজ হয়েছে। গানগুলো সময় নিয়ে করেছি, একটা সাথে আরেকটার ভিন্নতা রাখার চেষ্টা করেছি। সেই অনুপাতে দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। এককথায়, আশা অনুরুপ সাড়া পেয়েছি।
আপনার ব্যান্ড ‘দূরবীন’-এর নতুন অ্যালবাম ‘৫.০১’ এই ঈদে রিলিজ হওয়ার কথা ছিলো। কিন্তু রিলিজ হয়নি। এ প্রসঙ্গে কি বলবেন?
‘দূরবীন’-এর পঞ্চম অ্যালবাম বের করার কথা ছিলো। কিন্তু সবকিছু সময় মতো গুছিয়ে নিতে পারিনি। আসলে আমিতো প্রফেশনাল সঙ্গীতশিল্পী না। গানকে ভালোবাসি বলেই এখনো এ পথে হাঁটছি। নিয়মিত না হয়েও চেষ্টা করছি দর্শকদের ভালো গান উপহার দিতে। অ্যালবামের কাজ গুছিয়ে আশা করি আগামী ঈদ উল আযহায় এটি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো।
এই ঈদেও অডিও বাজার খুব একটা রমরমা ছিলো না। কেন এমটা হচ্ছে বলে মনে করেন?
এখনকার অডিও বাজারে এক প্রকার অস্থিরতা কাজ করছে। সঙ্গীতশিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই এক ধরণের অস্থির হয়ে আছে। এই অস্থিরতার মধ্য দিয়ে অডিও বাজারের ধরণ পাল্টাচ্ছে। এটা আরো কিছু দিন পর কেটে যাবে, নতুনভাবে সবাই অডিও বাজারকে দেখতে পাবে।
নতুন অডিও বাজার কেমন হবে মনে করেন?
আগে সিডি বাজার রমরমা ছিলো, এখন সেটা নেই। সারাবছর যেমনই হোক, আগে অন্তত ঈদের সময় বেশ ঝাঁকজমক থাকতো। এই ঈদে তেমনটা দেখা যায়নি। এখনকার অডিও বাজারের বেশিরভাগই অনলাইনের দখলে। আস্তে আস্তে অনলাইন পুরোটা দখল করে নিবে। যুগের সাথে তাল মিলিয়ে অনলাইন ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা পুরোদমে শুরু হবে। আর যারা অনলাইনের মাধ্যমে দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারবে তারাই তারকা হবে। যারা ইন্টারনেট দুনিয়ায় পিছিয়ে থাকবে তারা সংগীতশিল্পী হিসেবে খুব একটা এগিয়ে যেতে পারবেনা।
অডিও বাজারে সুদিন ফিরে আনতে কি করা উচিত বলে মনে করেন?
অস্থিরতাটা কেটে গেলে অডিও বাজারে আবার সুদিন ফিরে আসবে। আর নতুন সঙ্গীতজগতে আসতে চায় তাদেরকে ভালোবেসে কাজ করতে হবে। তাদের মধ্যে গানকে হিট করার চিন্তা-ভাবনাও থাকতে হবে। অবশ্য এখন যারা নতুন শিল্পী তাদের মধ্যে এই বিষয়টি লক্ষ্যণীয়। কিন্তু সময় নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।
ইত্তেফাক/আনিসুর