দুতের্তের সামরিক শাসনের পক্ষে ফিলিপাইনের সুপ্রিম কোর্ট

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের জারি করা সামরিক শাসনের পক্ষে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে ওই অঞ্চলে সামরিক শাসন বহাল থাকবে। 
 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। এই লড়াইয়ের কারণে মিন্দানাওসহ পুরো অঞ্চলে সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তার এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল। কিন্তু আদালত এ পিটিশন খারিজ করে সামরিক শাসনের পক্ষে রায় দিয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টের ১৫ সদস্যের বিশেষ ট্রাইব্যুনালের ১১ সদস্য সামরিক শাসনের পক্ষে মত দিয়েছেন। তিনজন সামরিক শাসন আংশিক জারির পক্ষে এবং অপর এক বিচারপতি সামরিক শাসনের বিপক্ষে নিজের মত দেন।
 
প্রসঙ্গত, গত ২৩ মে মিন্দানাও প্রদেশসহ পুরো দক্ষিণাঞ্চলে সামরিক শাসন জারি করেন দুতার্তে। সামরিক শাসনের পর থেকে ওই অঞ্চলে আইএসবিরোধী অভিযান জোরদার হয়। অভিযানে জঙ্গি, সরকারি সেনা ও বেসামরিক মানুষ মিলিয়ে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৬০ জনের বেশি। সংঘাতের মুখে গৃহহীন হয়েছেন অন্তত তিন লাখ স্থানীয় বাসিন্দা। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির