কাতারের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে কায়রোতে এক হচ্ছে সৌদি জোট

কাতারের সঙ্গে প্রায় সব ধরণের সম্পর্ক ছিন্ন করার একমাস পর নতুন করে দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য ফের আলোচনায় বসতে যাচ্ছে সৌদি জোট। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, কাতারের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিকে একেবারে কোণঠাসা করে ফেলার চিন্তা থেকেই মিশরের রাজধানী কায়রোতে এক হচ্ছে তারা। 
IMG0
জানা গেছে, সৌদি আরবসহ বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীদের অংশগ্রহণমূলক ওই বৈঠকে কাতারের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। যদিও এর আগে ১৩টি দাবি সম্বলিত একটি খসড়া প্রস্তাব দিয়ে তা মেনে নিতে কাতারকে সময় বেধে দিয়েছিলো সৌদি জোট। তবে সৌদি জোটের ওইসব দাবীকে ‘অবাস্তব ও পদক্ষেপমূলক নয়’ বলে তা মেনে নিতে বারবার অস্বীকার করে আসছে কাতার। 
IMG1
তারপরও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান এ সমস্যা সমাধানে কুয়েতের হস্তক্ষেপে কাজ করে যাচ্ছে কাতার। যদিও তাতে খুব একটা কাজ হচ্ছেনা। মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থন প্রত্যাহার, সংবাদ মাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধ, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ও ইরাকে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধসহ আরো কয়েকটি দাবি মেনে নিতে কাতারকে জোর জবরদস্তি করেই যাচ্ছে সৌদি আরব ও এর মিত্ররা। 
IMG2
এ নিয়ে গত পরশু কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রাহমান আল-থানি কুয়েতে এক সংক্ষিপ্ত সফরকালে দেশটির কাছে দোহার জবাব হস্তান্তর করে বলেন, ‘শর্তের তালিকাটি প্রত্যাখ্যান করা হয়েছে।’ এছাড়া গত সোমবার কাতারের পক্ষে ব্রিটিশ আইনজীবীরা এসব দাবিকে ‘আন্তর্জাতিক আদালতের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু