ঝালকাঠিতে জালিয়াতি মামলায় শিক্ষকের ১২ বছর কারাদণ্ড

শিক্ষাগত সনদ জালিয়তিসহ তিনটি মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড ও ১৩ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
 
এর মধ্যে সনদ জালিয়াতি ও সরকারি কাজে বাঁধা দানের মামলায় ৫ বছর করে ১০ বছর ও প্রতারণা মামলায় ২ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
বুধবার দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু মো. শামীম আজাদ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সঞ্জীব কুমার বিশ্বাস।
 
মামলা সূত্রে জানা গেছে, ভুয়া সনদের অভিযোগে গত ১০ বছর ধরে রুহুল আমিনের এমপিও স্থগিত রয়েছে। জাল সনদে শিক্ষকতা, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ২০১১ সালের ২৬ জুন প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তদন্ত করে ২০১১ সালের ১০ অক্টোবর  ঝালকাঠির আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চার্জশিটে বলা হয়, ‘স্কুলের চাকরিতে যোগদানের সময় রুহুল আমিনের দাখিল করা এসএসসি, এইচএসসি সনদকে যশোর শিক্ষা বোর্ড এবং বিএ ও বিএড পরীক্ষার সনদকে ভুয়া বলে প্রত্যায়ন করেছে। তার বিরুদ্ধে শিক্ষাগত সনদ জালিয়তি, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সরকারি কাজে বাধা দেয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়’। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের জুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই শিক্ষকের এমপিও স্থগিত করেন।
 
ইত্তেফাক/ইউবি