গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মসজিদের মুয়াজ্জিন নিখোঁজ

 
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. শাহ আলম গত দু'দিন ধরে নিখোঁজ রয়েছেন। ৩ জুলাই তিনি নিখোঁজ হন। তিনি কাশিয়ানী উপজেলার মাইজকান্দি গ্রামের সাহিদ তালুকদারের ছেলে। এ ব্যাপারে মঙ্গলবার মুয়াজ্জিনের ছোট ভাই গোলাম রাব্বী গোপালগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন।
 
বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও মসজিদ কমিটির সভাপতি  মো. আনিসুর রহমান জানান, বছর খানেক আগে হাফেজ মো. শাহ আলম বিশ্ববিদ্যালয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে যোগ দেন। সোমবার বেলা ৫টার দিকে বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে তিনি বের হয়ে যান। পরে ফিরে না আসায় মসজিদের ইমাম বিষয়টি আমাকে জানায়।
 
মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন, 'মসজিদ থেকে বের হয়ে মুয়াজ্জিন আর ফিরে আসেনি। পরে আমি বিষয়টি মসজিদ কমিটির সভাপতিকে জানাই। সোমবার এ ব্যাপারে থানায় জিডি দায়ের করার পর পুলিশ মসজিদে এসেছিলো।
 
নিখোঁজ মুয়াজ্জিনের ছোট ভাই গোলাম রাব্বী বলেন, 'রবিবার শাহ আলম মায়ের মোবাইলে ফোন দিয়ে বলে, ফ্রিজ কিনে নিয়ে সোমবার বিকেলে বাড়ি আসবে। কিন্তু সোমবার তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় আমাদের সন্দেহ হয়। পরে তার মোবাইলে ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সন্ধ্যায় আমার ভাই আল আমীন তালুকদার বিশ্ববিদ্যালয়ে এসে মুয়াজ্জিন ভাইয়ের খোঁজ নিলে তাকে বিকেল থেকে পাওয়া যাচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ভাইকে জানায়।'
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, 'মুয়াজ্জিন নিখোঁজের ব্যাপারে সোমবার থানায় জিডি দায়ের করা হয়েছে। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। তাকে খুঁজে বের করতে পারলে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
 
ইত্তেফাক/জামান