বিএনপির এমপিদের প্রতি মোহাম্মদ নাসিম

সংসদে এসে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে সংসদে এসে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেবার আহ্বান জানিয়ে বলেছেন, বিরোধী দলবিহীন পার্লামেন্ট সরকার চায় না। সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। নির্বাচন হয়েছে, জনগণ আপনাদের নির্বাচিত করেছেন। কেন সংসদে আসবেন না প্রশ্ন রেখে তিনি বলেন, গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে কাজিপুরের নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে  থাকার সময় অনেক বার জেল খেটেছি, পুলিশের হাতে নিগৃহীত হয়েছি, কিন্তু মাঠ থেকে পালিয়ে যাইনি। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাহস থাকলে মাঠে নামেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা-কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতা দিয়ে আন্দোলন হয় না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তো বা লাভ হতে পারে।

সাবেক এই মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়। দেশের সমৃদ্ধি হয়। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতার কোনো বিকল্প নেই।

কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু বিথী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ। এর আগে মোহাম্মদ নাসিম নাটুয়ারপাড়ায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিদর্শন বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে যমুনা নদীর দুর্গম চরে প্রতিষ্ঠিত নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা।