চট্টগ্রামে ঠিকাদারি কাজ নিয়ে সংঘর্ষ

চট্টগ্রামে গণপূর্ত বিভাগের কাজ পাওয়া নিয়ে দুই গ্রুপে সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে। পরে তাদেরকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-১ এ এই ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, মো. ইলিয়াস, রাতুল হাসান রানা, সজীব খন্দকার, হাসান মুরাদ, আবুল মনছুর, শাহ মোহাম্মদ, মো. সামসুদ্দিন, মোহাম্মদ ফাইজুল ইসলাম, মো. জামশেদ, মো. জালাল, ফয়সাল খান, মো. ইউসুফ, মো. রাকিব, জসিম উদ্দিন ও মো. নূরুন্নবী। এদের মধ্যে জামশেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা আছে। এছাড়া হাসান মুরাদ, আবুল মনছুর, জসিম ও জালালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

সিএমপি সূত্র জানায়, সম্প্রতি গণপূর্ত বিভাগের কাছ থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের জন্য একটি ভবন নির্মাণের ঠিকাদারি কাজ পান পাঠানটুলি এলাকার যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপু। গতকাল তিনি গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে গেলে প্রতিপক্ষ পারভেজ গ্রুপ তাকে ধাওয়া দেয়। এসময় পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা সৃষ্টির একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ১৫ জনকে আটক করে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়। সূত্র জানায়, মোস্তফা কামাল টিপু সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে পারভেজ নিজেকে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চুর অনুসারী বলে দাবি করে।