দীর্ঘদিনের বিরতির পর মাত্র শেষ হওয়া ঈদে অপু বিশ্বাসের চলচ্চিত্র মুক্তি পেয়েছে। অপু ভক্তদের যেন দ্বিগুণ ঈদ আনন্দ হওয়ার কথা ছিল। কিন্তু চলচ্চিত্রের এখনকার সার্বিক আবহাওয়া যেন অনেককিছুকেই ম্লান করে দিয়েছে। কারণ অপুর আড়ালে থাকা।
ঈদে শাকিবের সাথে জুটি বেঁধে মুক্তি পায় অপুর ‘রাজনীতি’। দেশের মৌলিক গল্পের একটি ছবি হয়েও মাত্র ৪০টি হলেই আটকে যায় প্রদর্শন। যার মধ্যে ঢাকায় মাত্র ১টি হলে মুক্তি পায় এটি। বিষয়গুলো নিয়ে অনেকটা হতাশ অপু। সেই জায়গা থেকেই খানিকটা আড়ালেই ছিলেন তিনি।
তবে টিভি চ্যানেলগুলোয় বেশ সরব ছিলেন তিনি। কয়েকটি টিভি শোতে তার উপস্থিতি ছিল ভক্তদের জন্য আনন্দের। এছাড়া ঈদের পর একটি রেডিও শোতেও তিনি উপস্থিত ছিলেন। তাই সেলুলয়েড পর্দার বাইরেই অপুর ঈদ ছিল জাঁকজমক। তবে আবারও চলচ্চিত্রে আগের রূপেই ফিরতে যাচ্ছেন তিনি।
অপু বলেন, ‘নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় এখনও শুরু করছি না। কারণ ফিটনেস ঠিক করতে এখন ব্যস্ত আছি। ‘অপু’ রূপেই ফিরছি আমি। তাই এখন আবারও একটু সবকিছু থেকে বিরতি নিচ্ছি। কারণ মাঝে কয়েকদিন টিভি শো নিয়ে খুব ব্যস্ততা গেছে। এখন নিজেকেই সময় দিতে চাই।’
ইত্তেফাক/আনিসুর