মিয়ানমারের রাখাইনে সামরিক হেলিকপ্টার থেকে চালানো হামলায় ৫ রোহিঙ্গা নিহত ও অপর ১৩ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাখাইনের একটি গ্রামের বাঁশ ঝাড়ের নিচে জড়ো হওয়া রোহিঙ্গাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী ও একজন আইনপ্রণেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র এই হামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। মেজর জেনারেল তুন তুন নিই বলেছেন, যথাসময়ে ঘটনার সত্যতা প্রকাশ করা হবে। প্রসঙ্গত, ২০১৭ সালে আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইনের ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। কিন্তু এখন পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যায়নি।
খবরে বলা হয়, গতকাল হামলার ঘটনাটি ঘটেছে বুথিডাউং শহরের এক উপত্যকার রোহিঙ্গা মুসলিম পরিবারের বাড়িতে। কিন তাউং গ্রামের কমিউনিটি নেতা জাউ কির আহমেদ টেলিফোনে রয়টার্সকে বলেন, সেনাবাহিনীর বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। বিকাল ৪টার দিকে এই হামলা হয়। গ্রামের লোকজন ভয়ে বাইরে যেতে সাহস করছে না।