কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

 
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদফতর সকালে আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছে।
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 
 
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং আসামের উত্তর-পূর্ব দিক হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
 
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে। -বাসস
 
ইত্তেফাক/কেকে