গাবতলীতে ডিএনসিসির ৩৭ একর জমি অবৈধ দখলমুক্ত

 
গাবতলী-সদরঘাট সংযোগ সড়কের দু’পাশে প্রায় ৩৭ একর জমি অবৈধ দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত শুক্রবার এবং শনিবার এ দু’দিন অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করা হয়।
 
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শুক্রবার গাবতলী-সদরঘাট সংযোগ সড়কের রামচন্দ্রপুর স্লুইসগেট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। প্রথম দিনের অভিযানে প্রায় ১২ একর জমি উদ্ধার হয়। আজকের অভিযানে আরও প্রায় ২৫ একর জমি উদ্ধার হয়। এ নিয়ে দু’দিনের অভিযানে রামচন্দ্রপুর স্লুইসগেট এলাকা থেকে ঢাকা-আরিচা রোড সংলগ্ন ইট-বালু-পাথরের আড়ত্ পর্যন্ত বিস্তৃত ৫২ একর অবৈধ দখলকৃত জমির মধ্যে প্রায় ৩৭ একর জমি উদ্ধার করা সম্ভব হয়।
 
দু’দিনের উচ্ছেদ অভিযানে প্রায় ৫০০ অস্থায়ী টিনশেড স্থাপনা, ৫০টি স্থায়ী দোকানঘর, ইট-বালুর আড়ত্, সীমানা প্রাচিরসহ টায়ারপট্টি উচ্ছেদ করা হয়। অবশিষ্ট জমি উদ্ধার হলে এ স্থানে একটি অ্যাসফল্ট প্লান্ট এবং কেন্দ্রীয় পরিবহন ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনা রয়েছে। উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়া জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিবহন) লে. কর্নেল এম এম সাবের সুলতান, অঞ্চল-৪-এর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, ১৯, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ ডিএনসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তত্কালীন ডিসিসিকে ৫২ একর জমির মালিকানা হস্তান্তর করে। এরপর দীর্ঘ সময় এই জমিটি বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে রাখে। কয়েক মাস আগে ডিএনসিসি’র সম্পত্তি বিভাগ জমিটি উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করে। উদ্ধার অভিযানের আগে সীমানা চিহ্নিত করা হয়।
 

ইত্তেফাক/এএম।