টিভি-চলচ্চিত্র ও মঞ্চ কাঁপানো গুণী অভিনেতা আবদুর রাতিন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানিয়েছেন, রাতিন ভাই গুণী একজন অভিনয়শিল্পী। তার রোগমুক্তি কামনা করছি। আর শিল্পী সমিতির পক্ষ থেকে তার চিকিৎসার খরচেও যতটুকু সম্ভব পাশে থাকব।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে। প্রথমে চিকুনগুনিয়া রোগে ভুগছিলেন। তবে বর্তমানে লিভার ও কিডনিজনিত রোগে ভুগছেন। এই হাসপাতালে প্রফেসর এ কে এম আমিনুল হকের তত্ত্বাবধানে রয়েছেন।
অভিনেতা রাতিন অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে দেবদাস, হারানো সুর, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, চোরের বউ, মহান বন্ধু, লালু সর্দার, স্বার্থপর প্রভৃতি। তার অভিনীত মঞ্চ নাটকের সংখ্যা প্রায় শতাধিক।
ডিরেক্টর গিল্ডের পক্ষ থেকে এই অভিনেতার পাশে দাঁড়ানো ও আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। নির্মাতাদের এই সংগঠনটি বলছে, ‘অর্থাভাবে গুণী অভিনেতা রাতিন চিকিৎসাহীন অবচেতন মৃত্যুর সাথে লড়াই করছেন। শিল্পের মানুষেরা কেউ কি আছেন তাঁর পাশে দাঁড়ানোর! পুরনো ঢাকার ন্যাশনাল হাসপাতাল, চারতলা ৪১০ নং কেবিন, যোগাযোগ: ০১৭১১৬৬২১৮৪
ইত্তেফাক/আনিসুর