মানিকগঞ্জে গণপরিবহনে ছাত্র হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে গণপরিবহনে ছাত্র হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন দূর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এম আর লিটন, সাবেক সহ-সভাপতি রুমা আক্তার, বর্তমান সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, শিবালয় উপজেলা সভাপতি অন্তর হোসেন প্রমুখ। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ছাত্র ঐক্য ফোরামের সদস্য কনভেনার মো. রফিকুল ইসলাম অভি, কৃষক সমিতির নেতা দুলাল বিশ্বাস ও আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি দুলাল খান প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন।

মানববন্ধনে ছাত্র নেতারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহনের ভাড়া নির্ধারণ করে দিলেও অনেকেই তা মানছে না এবং নীলাচল, পদ্মা লাইন ও যাত্রীসেবাসহ অনেক পরিবহনে ছাত্র হাফ ভাড়া নেয় না। শিক্ষার্থী পরিচয় দিলে পরিবহনে উঠানো হয় না। হাফ ভাড়া না নিয়ে বাসের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। মানববন্ধনে ছাত্রনেতারা দাবি করেন, আগামী ৭ দিনের মধ্যে ছাত্র হাফ ভাড়া নিশ্চিত করতে হবে, গণপরিবহনে যাত্রী হয়রানি ও বাড়তি ভাড়া বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পাটুরিয়া ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এরপর পাটুরিয়া ঘাটের নীলাচল পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। একপর্যায়ে ছাত্র হাফ ভাড়া মেনে নেওয়ার আশ্বাস দেন নীলাচল পরিবহন কর্তৃপক্ষ।