শিশু গৃহকর্মীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণ গৃহকর্তা গ্রেফতার

সাভারে এক শিশু (১৩) গৃহকর্মীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা         মোঃ ওমর ফারুককে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর মধ্যপাড়া এলাকায়। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করেছেন।

শিশুটির পিতা জানান, তিন বছর পূর্বে তার ভায়রার ছেলে আল-আমিনের মাধ্যমে ওমর ফারুকের বাসায় কাজ করতে পাঠান মেয়েকে। কিন্তু এই দীর্ঘদিন ধরে কাজ করে আসলেও শিশুটিকে কোনো পারিশ্রমিক দিচ্ছিল না ফারুক। তাই মেয়েকে ওই বাসা থেকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার গেলেও ওমর ফারুক বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে তাড়িয়ে দেয়। একপর্যায়ে গত বুধবার মেয়েকে আনার জন্য ওমর ফারুকের বাসায় গেলে মেয়েকে অসুস্থ অবস্থায় একটি কক্ষের মধ্যে তালাবদ্ধভাবে দেখতে পান। এসময় তার মেয়ে জানায়, ওমর ফারুক গত ৬ মাস যাবত্ তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছে। তার মেয়ে বিষয়টি ওমর ফারুকের স্ত্রী রাজিয়া সুলতানা শিমুকে জানালে উল্টো বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে।

মেয়ের কাছ থেকে নির্যাতনের বিষয়টি জানার পর তিনি বুধবার অভিযুক্ত ওমর ফারুক ও তার স্ত্রী রাজিয়া সুলতানা শিমুকে আসামি করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, মামলা দায়েরের পর ওইদিনই অভিযান চালিয়ে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।