কুমিল্লায় পেট্রোল বোমা হামলা মামলা: রিজভীর জামিন

 
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় বাসের আট যাত্রী হত্যা মামলায় আদালত থেকে জামিন পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। রবিবার দুপুরে কুমিল্লার পাঁচ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন।
 
আদালত সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামকস্থানে পৌঁছুলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের আট ঘুমন্ত যাত্রী নিহত হন।
 
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু'টি মামলা দায়ের করেন। দুটি মামলায় দুই বছর এক মাস তদন্ত ও পুলিশসহ ৬২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ৭৮ জনের বিরুদ্ধে গত ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় রবিবার আদালতে হাজির হন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। তাদের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত জানান, 'তারা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। রবিবার হত্যা মামলায় আদালত থেকে তারা জামিন লাভ করলেন।'
 
ইত্তেফাক/জামান