ব্রেক্সিট বিলম্বিত করার প্রস্তাবের উপর আরো আলোচনা হবে

ব্রেক্সিট প্রক্রিয়া বিলম্বিত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে ব্রিটেনের পার্লামেন্ট। চুক্তিহীন ব্রেক্সিট এড়াতে বিরোধী দল লেবার পার্টির এক আইন প্রণেতার আনা এই প্রস্তাব বুধবার মাত্র এক ভোটের ব্যবধানে পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পেয়েছে। প্রস্তাবটি আইনে পরিণত হতে এখন উচ্চকক্ষ হাউস অব লর্ডস-এর অনুমোদন লাগবে। সেই লক্ষ্যে গতকাল বৃহস্পতিবারও দলগুলোর মধ্যে টানা সাড়ে ৪ ঘন্টা আলোচনা হয়। এ ব্যাপারে আজ শুক্রবার এবং আগামী সোমবারও বিভিন্ন দলের সদস্যরা বৈঠক করবেন। তবে ব্রেক্সিট বিলম্ব আর অনুমোদন পাবে কিনা, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি পাস না হলে আগামী ১২ এপ্রিল চুক্তিহীন ব্রেক্সিট আর পাস হলে আগামী ২২ মে পূর্ণ ব্রেক্সিট কার্যকর হবার সম্ভাবনা আছে। দ্বিতীয় দফায় ব্রেক্সিট বিলম্বিত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনের মধ্যে বুধবার আলোচনা শুরু হয়।

২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের কথা ছিল যুক্তরাজ্যের। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে তৈরি হয় ব্রেক্সিট চুক্তি। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তিন দফায় তা হাউস অব কমন্সে পাস করাতে ব্যর্থ হন। -বিবিসি