পরমাণু যুদ্ধের দিকে ঠেলছেন ট্রাম্প: উত্তর কোরিয়া

অন্য কেউ নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বিশ্বকে পরমাণু যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করছে উত্তর কোরিয়া। রবিবার এক বিবৃতিতে নিভৃতকামী দেশটি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার নাম করে এ অঞ্চলে ভয়াবহ যুদ্ধ বাধানোর পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।
IMG0
এর আগে, গত সপ্তাহে আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বিরোধীপক্ষকে ভয় দেখায় উত্তর কোরিয়া। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। জানা গেছে, শনিবার এ নিয়ে কোরীয় উপদ্বীপ অঞ্চলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
IMG1
এর পরপরই এক বিবৃতিতে উত্তর কোরিয়া দাবি করে, দু’টি মার্কিন যুদ্ধবিমান সেদেশের ক্ষেপণাস্ত্রের ব্যাটারি ধ্বংস করে দিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার দু’টি বিমান কিমের এলাকার সুড়ঙ্গে থাকা দু’টি সেনা ঘাঁটির উপরেও হামলা চালিয়েছে। যার জেরে উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র ‘রোডং’ এ লেখা হয়, ‘বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলবেন না।’ ওই দৈনিকের দাবি, ‘আমেরিকা বিপজ্জনক মহড়া চালিয়ে এই দ্বীপে পরমাণু যুদ্ধের আশঙ্কা চরম মাত্রায় নিয়ে যাচ্ছে।’
IMG2
এছাড়া উত্তর কোরীয় আইসিবিএমের প্রভাব পড়েছে হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনেও। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ট্রাম্পের আহ্বান, ‘কিছু একটা করতেই হবে।’ জিনপিংকে উদ্ধৃত করে সেদেশের সংবাদসংস্থা সিনহুয়াও জানাচ্ছে, জিনপিং ট্রাম্পকে বলেছেন, কোরীয় দ্বীপপুঞ্জে পরমাণু নিরস্ত্রীকরণে দৃঢ়প্রতিজ্ঞ আমরা। সমস্যা সমাধানে আন্তর্জাতিক শক্তি একজোট হয়ে আলোচনার পথে আসুক, এমনটিই চাচ্ছেন তিনি। রোডং ও সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু