‘টাইটানিক’ খ্যাত মার্কিন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওয়ের জীবন বৈচিত্রে ভরপুর। অভিনয়ের খ্যাতির দরুণ কত অর্জন তার। কিন্তু একথা শুনে নিশ্চয়ই অবাক হবেন ভক্তরা- লিওনার্দো ডিক্যাপ্রিও শরীরচর্চা করেন না। শরীরচর্চায় তিনি বিশ্বাসী নন।
আর একথা তিনি নিজেই এক পার্টিতে স্বীকার করেছেন। সেখানে জড়ো হওয়া তারকারা থেকে শুরু করে সাংবাদিকরা পর্যন্ত অবাক হন তার সরল স্বীকারক্তি শুনে!
৪২ বছর বয়সী অভিনেতা ‘টাইটানিক’, কিংবা ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমার চরিত্রের মতো সুঠাম দেহের অধিকারী নন বর্তমানে। বয়সের সঙ্গে তিনি বদলাবেন, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেকেই নিজের শরীরের ফিটনেস ধরে রাখতে গায়ের ঘাম ঝরান জিমে গিয়ে। এদিকে সেই পথে নাকি পা-ই বাড়ান না ডিক্যাপ্রিও।
মালিবুতে অনুষ্ঠিত এক পার্টিতে অস্কার জয়ী অভিনেতা মাতাল অবস্থায় দাবি করেন, তিনি ব্যায়ামের ধার ধারেন না। যদিও সেসময় অনেক তরুণী তাকে ঘিরে রেখেছিলো। কিন্তু একথা শুনেও মুখ ফিরিয়ে নেন নি তার নারীভক্ত। কারণ তার জনপ্রিয়তা একথায় কমে যাওয়ার মতো নয় বলেই মনে করছেন অনেকে।
এদিকে মাত্র কদিন আগে ২৫ বছর বয়সী নিনা আদগালের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানেন ডিক্যাপ্রিও। তাদের সম্পর্কের বয়স ছিল এক বছর। তবে শোনা যায়, তাদের বন্ধুত্ব এখনও বহাল আছে। এর আগে ব্রিটিশ গায়িকা ইমা বানটন সহ বহু নারীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছে তার। তবে সেই সঙ্গে তিনি তার তৈরি ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’-এ পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করেন। ইয়াহু এন্টারটেইনমেন্ট।
ইত্তেফাক/রেজা