মাল্টিফ্যাবসের বয়লার বিস্ফোরণে নিহত ও আহত শ্রমিকদের সারা জীবনের সম্ভাব্য আয়ের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সেই সঙ্গে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনের নেতারা। গতকাল সোমবার মাল্টিফ্যাবসের ঘটনায় দায়ীদের বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কাওরানবাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে এক প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন।
শ্রমিক নেতারা মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণে শ্রমিক ‘হত্যাকাণ্ডের’ জন্য দায়ী মালিক ও বয়লার পরিদর্শকসহ দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের সুচিকিত্সায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। সংগঠনের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, এ্যাকর্ড, অ্যালায়েন্স, ডিআইএফইসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তত্পরতা এক ধরনের প্রদর্শনী ছাড়া কিছুই নয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক নেতা সাদেকুর রহমান শামীম, ইকবাল হোসেন, জালাল হাওলাদার, কে.এম মিন্টু, এম এ শাহীন, জয়নাল আবেদীন, দিদারুল ইসলাম ও আমিনুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/নূহু