ইসরাইলি বাহিনীর কাঁদানে গ্যাসে অসুস্থ ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ইসরাইলি বাহিনীর নিক্ষেপ করা কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে ১৮ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। পশ্চিম তীরের ফিলিস্তিনি বসতিতে ইসরাইলি বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। প্রায় তিন মাস অসুস্থ থাকার পর গতকাল শিশুটি শুক্রবার মারা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই শিশুর নাম আব্দুল রহমান বারঘুতি। মে মাসে গ্যাস হামলার শিকার হওয়ার পর শিশুটিকে পশ্চিম জেরুজালেমের হাদাসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চলতি বছর এ নিয়ে ইসরাইলি বাহিনীর হাতে ৩৬ ফিলিস্তিনি শিশু প্রাণ হারালো। অপরদিকে ফিলিস্তিনিদের হাতে প্রাণ হারিয়েছে  ইসরাইলের আট নাগরিকও।

চলতি বছরের ১৯ মে ইসরাইলে আটক ১৩শ ফিলিস্তিনি বন্দির সমর্থনে পশ্চিম তীরে আন্দোলন শুরু হয়। সেই সময় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িতে কাঁদানে গ্যাস ছুড়ে। সেই গ্যাসেই অসুস্থ হয়ে পড়েছিল আব্দুল রহমান। ওয়াফার দাবি, ইসরাইলি বাহিনী সেই সময় গুলিও চালায়।
আল জাজিরা

ইত্তেফাক/নূহু