গাজীপুরের ছয় কাউন্সিলর হাজতে

 
বাসে অগ্নিসংযোগের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের ছয় ওয়ার্ড কাউন্সিলর মঙ্গলবার সকালে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাদেরকে জেলহাজাতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।
 
কাউন্সিলররা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার, ১৯ নম্বর ওয়ার্ডের তানভীর আহমেদ, ২০নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু, ৫৩ নম্বর ওয়ার্ডের মো. শফিউদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেক। তারা সকলেই বিএনপি সমর্থক কাউন্সিলর।
 
গাজীপুর আদালতে পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর থানাধীন চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে জয়দেবপুর থানার এসআই আহাদুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে ওইদিনই মামলা দায়ের করেন। ওই মামলায় সিটি মেয়র এমএ মান্নান ও কয়েকজন কাউন্সিলরসহ ৪০জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০-৩০জনকে আসামি করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান তদন্তপূর্বক আরো তিনজন কাউন্সিলরসহ মোট ৫১জনের নামোল্লেখ করে ওই বছরের ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। এসময় তদন্তকারী কর্মকর্তা ঘটনায় সংশ্লিষ্ট না থাকায় আটজনের নাম বাদ দেন।
 
মামলায় চার্জশীটভুক্ত পলাতক আট কাউন্সিলর মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে ওই আদালতে বিচারক ছয় কাউন্সিলরের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর দুই আসামি সংরক্ষিত তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিসেস শিরিন চাকলাদার ও ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহাম্মেদের জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
 
ইত্তেফাক/জামান