ইরাককে অবশ্যই আইএসের পুনরুত্থান ঠেকাতে হবে

মসুলে ‘ঐতিহাসিক’ বিজয় সত্ত্বেও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যায়নি বলে সতর্ক করেছেন ইরাকে নিযুক্ত যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সেনা কমান্ডার লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড। ইরাকি বাহিনী কর্তৃক মসুল জয়ের মাত্র দুদিন পরেই তিনি এ কথা বললেন।

টাউনসেন্ড বলেন, ইরাকে এখনো আইএসের যোদ্ধা রয়েছে। নতুন করে যাতে আইএসের উত্থান না ঘটে, সেই জন্য ইরাকি সরকারকে খুব তাত্পর্যপূর্ণভাবে আলাদা কিছু করতে হবে। এ জন্য দেশটির সরকারের ইরাকি সুন্নিদের সঙ্গে কথা বলা উচিত বলে মনে করেন তিনি। ইরাকে যুক্তরাষ্ট্রের এই জ্যেষ্ঠ কমান্ডার বলেন, নতুন করে আইএসের উত্থান ঠেকাতে ইরাক সরকারকে ভিন্ন কিছু করতে হবে। সরকারকে সুন্নিদের কাছে যেতে হবে এবং তাদের সঙ্গে মতভেদ মিটিয়ে ফেলতে হবে। এমন ধারণা তৈরি করতে হবে, ইরাক সরকার তাদের প্রতিনিধিত্ব করছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি গত রবিবার আনুষ্ঠানিকভাবে মসুল জয়ের ঘোষণা দেন। ইরাকি সেনারা মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধারের লড়াই শুরু করেছিল। তাদের সঙ্গে এ যুদ্ধে যোগ দেয় কুর্দি পেশমেরগা যোদ্ধা, সুন্নি ও শিয়াদের কয়েকটি গোষ্ঠী। মসুলে নয় মাসব্যাপী যুদ্ধে হাজারো বেসামরিক মানুষের প্রাণ গেছে। মসুলের একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হন ৯ লাখ ২০ হাজার মানুষ। গত মঙ্গলবার এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরাকি সেনা ও যৌথ বাহিনীকে ঘনবসতিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয়ভাবে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহারের জন্য দোষারোপ করেছে। একইভাবে আইএস জঙ্গিদের বিরুদ্ধেও গুরুতর নির্যাতনের অভিযোগ করেছে সংগঠনটি। প্রসঙ্গত, ২০১৪ সালে মসুল দখল করে গ্র্যান্ড আল-নুরি মসজিদ থেকে খেলাফতের ঘোষণা দিয়েছিল আইএস। এরপর থেকে মসুলকে ইরাকে আইএসের রাজধানী বিবেচনা করা হতো।
খবর: বিবিসি

ইত্তেফাক/নূহু