লাইসেন্সকৃত রিভলবার দিয়ে আত্মহত্যার হুমকি দেওয়া বিমান বাহিনীর অবসর প্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমানকে ২৪ ঘণ্টা পরও পুলিশ উদ্ধার করতে পারেনি। রাজধানীর রামপুরার উলন রোডের ১৯৯/এ নম্বর বাড়ির নিচ তলায় ৮০ বছরেরও বেশি বয়সের আবদুর রহমানকে আত্মহত্যার জিম্মি ঘটনা সমাধানের প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে পুলিশ। পুলিশ বলছে, তাকে উদ্ধার করতে গেলেই নিজের লাইসেন্সকৃত রিভলবার দিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই বৃদ্ধ ওই বাড়ির নিচতলায় তার বেডরুমের দরজা বন্ধ করে দিয়ে অবস্থান করছেন মঙ্গলবার বেলা ১২টা থেকে।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার দাস বলেন, আবদুর রহমান পাকিস্তান আমলে বিমান বাহিনী থেকে অবসর নেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে টেলিভিশনের স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন। রামপুরার উলন রোডের ওই বাড়ির মালিক তিনি। তার তিন মেয়ে ও এক ছেলে বিদেশে থাকে। বাড়ির নিচ তলায় স্ত্রী, এক ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনি নিয়ে থাকেন। মাঝে মাঝেই তিনি রেগে যেতেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে বেডরুমে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চিৎকার করেন। ওই সময় তার স্ত্রী, ছেলের বউ, নাতি-নাতনি ছুটে গেলে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে দেখতে পায় জানালা দিয়ে দেখতে পায় বৃদ্ধ কখনও বিছানায় শুয়ে পড়েন আবার উঠে রিভলবার নিয়ে মহড়া দিচ্ছে। দরজা খোলার কথা বলতে গেলেই তিনি মাথায় রিভলবার ঠেকিয়ে গুলি করার হুমকি দিচ্ছেন। এই অবস্থায় মঙ্গলবার বিকালে ওই বৃদ্ধ গুলি ছুড়লে পাশের রাস্তার পাশে এক সেলুনের দোকানের কর্মী আহত হয়। তাকে উদ্ধারের জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বৃদ্ধকে উদ্ধার করা যায় কি না সে ব্যাপারে আলোচনা চলছে।
ইত্তেফাক/এমআই