খুলনায় পুলিশ বক্সে হামলার ঘটনায় ২৫০ পাটকল শ্রমিককে আসামি করে মামলা

খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থিত পাবলা পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে অজ্ঞাত ২০০ থেকে ২৫০জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এস আই) অমিত কুমার বাগচী বাদী হয়ে এ মামলা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, গত বৃহস্পতিবার সকালে রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল উচ্ছৃংখল শ্রমিক নগরীর নতুন রাস্তা মোড়স্থ পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। তাদের হামলায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল বাশারসহ ৪ পুলিশ সদস্য আহত হন। এছাড়া হামলাকারীরা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিন গত বৃহস্পতিবার ছিলো। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করে। 

আরও পড়ুন: রাজনীতি একটা দলের কাছে চলে গেছে : ফখরুল

ওই দিন কর্মসূচি চলাকালে সকাল ১০টার দিকে হঠাৎ করে পাটকল শ্রমিকরা নতুন রাস্তা মোড়স্থ পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (ওসি) আবুল বাশার এবং কনস্টেবল রাতুল, মনির ও রায়হান আহত হন।

ইত্তেফাক/নূহু