যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান আনোয়ারুল হক আর নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি আনোয়ারুল হক ইন্তেকাল (ইন্নালিল্লাহি...রাজিউন) করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। আজ শুক্রবার বাদ জুমা সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

বিচারপতি আনোয়ারুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এক শোক বার্তায় তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়া আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপিও গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।

বিচারপতি আনোয়ারুল হক আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনালের (যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল) চেয়ারম্যান হিসাবে ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিত্সার জন্য নেয়া হয়। দীর্ঘদিন চিকিত্সা শেষে গত ৫ জুলাই তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন আনোয়ারুল হক। ১৯৮০ সালে তিনি আইন পেশায় নিয়োজিত হন। ১৯৮১ সালের পহেলা ডিসেম্বর তিনি মুন্সেফ হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৯৭ সালের ১৩ জুলাই জেলা জজ হিসাবে পদোন্নতি পান। ২০১০ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি আনোয়ারুল। স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ পান দুই বছর পর। বিচারপতি আনোয়ারুল বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন। তিনি সার্ক আরবিট্রেশন কাউন্সিলের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সাল থেকে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন তিনি।

ইত্তেফাক/নূহু