দুর্যোগ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সরকার প্রস্তুত : নৌমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শুধু বন্যা পরিস্থিতি নয়, দেশের যেকোন দুর্যোগ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সরকার প্রস্তুত রয়েছে। 
 
শনিবার সকালে মাদারীপুর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। 
 
নৌপরিবহন মন্ত্রী বলেন, সরকার বন্যা কবলিত মানুষের পাশে থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে, এ নিয়ে বিএনপির উল্টাপাল্টা মন্তব্য ভিত্তিহীন। দেশে যে সকল স্থানে বন্যা দেখা দিচ্ছে সরকার সর্বত্রই ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। 
 
তিনি বলেন, বিএনপির প্রস্তাবিত নির্বাচনকালীন সরকারের রূপরেখা জনগণের কাছে কখনই গ্রহণযোগ্য হবে না। বিএনপির নেতারা বলেছেন, খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে এসে সহায়ক সরকার নামের প্রস্তাব দিবে, এই ধরনের সরকারের প্রস্তাবনা শুধু জনগণই নয়, কোন দলের কাছেই গ্রহণযোগ্য হবে না। 
 
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি