স্কুলছাত্রীকে যৌন হয়রানি : শাবির চারছাত্র বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে চারছাত্রকে বহিষ্কার করা হয়েছে। 
 
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে ২০৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
 
ক্যাম্পাস সূত্র জানায়, গত ৮ এপ্রিল এক স্কুলছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে গিয়ে শাবি ছাত্রলীগ (স্থগিত কমিটি) নেতাকর্মীদের হাতে যৌন হয়রানির শিকার হন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অধ্যাপক ড. জহির বিন আলমকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটি গত ৪ জুন তাদের প্রতিবেদন জমা দেন। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতিসহ অভিযুক্তদের শাস্তির সুপারিশ করা হয়। এর ভিত্তিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চারজনকে এক সেমিস্টার (৬ মাস) বহিষ্কার ও জরিমানা করা হয়েছে।
 
বহিষ্কৃতরা হলেন- সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি। এর মধ্যে রাহাত ও জনিকে বহিষ্কারের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বহিষ্কৃতরা শাখা ছাত্রলীগ (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী। ঘটনার সময় দায়িত্বশীল ভূমিকা পালন না করায় শাবি ছাত্রলীগ সভাপতি পার্থকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন জানান, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়। শনিবার সিন্ডিকেট সভায় তা পাস হয়।
 
ইত্তেফাক/ইউবি