‘মেধাবীরা রাজনীতিতে না আসলে অযোগ্যরা মন্ত্রী-এমপি হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে মেধাবী, সৎ ও চরিত্রবানরা না আসলে রাজনীতির মঞ্চ মেধাশূন্য হয়ে পড়বে। মেধা শূন্যরা দেশ চালাবে। অযোগ্যরা মন্ত্রী, এমপি হবে। 
 
শনিবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিছ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ উপলক্ষে সকালে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান সূচির উদ্বোধন করেন।
IMG0
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মাদকের নিরব সুনামি থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাইলেন্ট সুনামির মতো সারা দেশে মাদক-ইয়াবা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে তরুণ সমাজসহ সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, জ্ঞান চর্চা ও গবেষণার মাধ্যমে আমরা এই বিশ্বদ্যিালয়টিকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। সেলক্ষে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উন্নত ও আত্ম-মর্যদাশীল বাংলাদেশ গড়ে তুলতে এই বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা নেতৃত্ব দেবেন।
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিঞা। স্বাগত বক্তব্য দেন উপ উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি