ফুলবাড়িতে ভুয়া ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

দিনাজপুরের ফুলবাড়িতে এক ভুয়া ডাক্তার আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় ডক্টরস পয়েন্ট এন্ড চৌধুরী ডায়াগনস্টিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোরাইপ্রু মারমা অভিযান চালিয়ে নূর আলম চৌধুরী জয় (২৮) নামের এক ভুয়া ডাক্তার আটক করেন। তিনি পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া গ্রামের ফেরদৌস চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন থেকে ডক্টরস পয়েন্ট এন্ড চৌধুরী ডায়াগনস্টিকে চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন নূর আলম চৌধুরী জয়। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তার সপক্ষে বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় তাকে আটক করা হয়।

আরো পড়ুন: জেল থেকে জামিনে বেরিয়ে খুন হলেন তৌহিদ

নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোরাইপ্রু মারমা বলেন, আটক নূর আলম চৌধুরী জয় চার বছর থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে আসছিলেন। আটকের পর অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/অনি