রাজধানীতে মায়ের ওড়না দিয়ে শিশুর ‘আত্মহত্যা’

 
রাজধানীর রমনা ইস্কাটন বিয়াম স্কুল গলির একটি বাসায় ১০ বছরের এক শিশু গলায় মায়ের ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করেছে। তার নাম নূর উদ্দিন। শনিবার রাত ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ১০টার দিকে শিশুটি মারা যায়।
 
নূর উদ্দিনের বাবা রিকশাচালক নূর হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ইটখোলা বাজিতপুর গ্রামে। বিয়াম স্কুল গলির একটি পাঁচতলা বাসার নিচ তলায় ভাড়া থাকে। নূর উদ্দিন বাংলামটর এলাকার একটি গ্যারেজে কাজ করত। গতকাল কাজে না গিয়ে সে বাসায় ছিলো। বার বার তাকে কাজে যেতে বলা হলেও সে কাজে যায়নি। রাগান্বিত হয়ে তার মা রাত ৮টার দিকে তাকে বকাবকি করে ঘরের মধ্যে রেখে বাইরে যায়। এক পর্যায়ে নূর উদ্দিন অভিমান করে দরজা বন্ধ করে ফ্যানের সাথে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। 
 
পরে নূর উদ্দিনের ছোট বোন জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাকাডাকি ও চিৎকার করলে তার বাবাসহ অন্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখান রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। বর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে