গরু পাচার নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। কোনও থানা এলাকায় যদি গরু পাচারের মতো ঘটনা ঘটে, তাহলে সেই থানার ওসিকে বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, কোনও থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে যদি মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে, সেক্ষেত্রেও রক্ষা পাবে না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। খবর আনন্দবাজার পত্রিকার।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসী নিজেদের হাতে আইন তুলে নিলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকমাসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মেনে নেওয়া যায় না। তিনি স্পষ্ট করে নির্দেশ দেন প্রতিটি থানা এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ডিআইজিদের সপ্তাহে এক দিন করে হঠাৎ পরিদর্শনে যেতে হবে। পাশাপাশি পুলিশ সুপাররাও প্রতিদিন অন্তত দুটো করে থানায় যাবেন কাজের গতিপ্রকৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। কাজে গতি আনতে পুলিশের নিচু তলার কর্মীদের থেকে এই প্রক্রিয়া শুরু করতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে গোরক্ষকদের তাণ্ডব নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনিও কড়া ভাষায় বলেছিলেন, গোরক্ষার নামে নিরীহ মানুষকে হত্যা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সরব হলেন।
ইত্তেফাক/এমআর