মিয়ানমারের রাখাইন প্রদেশে মাইন বিস্ফোরণ, নিহত ৩

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের মাঙ্গতাউ শহরে মাইন বিস্ফোরণে তিন জন নিহত ও অপর একজন আহত হয়েছে। রবিবার মিয়ানমার বার্তা সংস্থা একথা জানিয়েছে।
 
জানা গেছে, চার জন ব্যক্তি শনিবার সকালে পিয়াউং পিক ও এনজিএ সার কিউ গ্রামের মধ্যবর্তী স্থানের একটি পাহাড়ের পাদদেশে ক্ষেতে কাজ শেষে বিশ্রাম নিচ্ছিল। এ সময় বিস্ফোরণটি ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা আহতদের মাঙ্গতাউ হাসপাতালে পাঠিয়েছে।
 
মিয়ানমার পুলিশ তদন্ত করছে মাইনটি ইচ্ছা করে পেতে রাখা হয়েছিল না কি আগের কোনো সহিংসতার সময়ের পরিত্যক্ত মাইনে এই বিস্ফোরণ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি ঘরে প্রস্তুত করা মাইন। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে বোমার বিস্ফোরণ ঘটে।  এদিকে, চলতি সপ্তাহে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একই রাজ্যের ইয়াথেডাউং শহর থেকে আরো আট জনকে গ্রেফতার করেছে।
 
রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে মুসলিম রোহিঙ্গারা সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের শিকার হচ্ছে। অক্টোবরে রোহিঙ্গা সন্ত্রাসীরা মিয়ানমারের সীমান্তরক্ষীদের উপর হামলা চালানোর পরে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর খড়গ নেমে আসে। সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পরে ৯২ হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে এসেছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির