বেসরকারিখাতের এবি ব্যাংক লিমিটেডের ৩২৫ কোটি টাকা ঋণ আত্মসাতের মামলায় বিএনপি নেতা ও রাইজিং স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসলাম চৌধুরীসহ কোম্পানিটির চার কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুুপরে কমিশনের নিয়মিত বৈঠকে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই বাছাই করে কমিশন এ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। শিগগিরই তা বিচারিক আদালতে দাখিল করা হবে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
আসলাম চৌধুরী ছাড়া অপর তিনজন হলেন, রাইজিং স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনিল মাওলা, ম্যানেজিং ডিরেক্টর আমজাদ হোসেন চৌধুরী ও পরিচালক মো. জসিম উদ্দিন চৌধুরী। তবে মামলায় আসামি করা হলেও এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খানের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাদের বাদ দিয়ে চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় দুদকের সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ এর সাবেক উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস বাদী হয়ে একটি মামলা দায়ের কারেন। মামলা নম্বর-১৩। ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়ে যে তারা পরস্পর যোগসাজশে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকা টাকার ঋণ আত্মসাত করেছে। দুদকের তদন্তের এ অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।
ইত্তেফাক/এএম।