ভারতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্য, রাজসভার সদস্য ও বিধায়কেরা। ভোট গণনা ও ফল ঘোষণা হবে বৃহস্পতিবার। আগামী ২৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদপূর্তির পরদিন শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
বর্তমান রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই জনই দলিত সম্প্রদায়ের। বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রার্থী বিহারের সাবেক গভর্নর রামনাথ কোভিন্দ। আর অন্যজন কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার। সংখ্যার হিসেবে বিজেপি ও তাদের শরিক দলগুলোর যে অবস্থান, তাতে বিজেপির প্রার্থী কোভিন্দের জয় অনেকটাই নিশ্চিত।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শতাংশের হিসেবে কোভিন্দের পক্ষে প্রায় ৬২ শতাংশ ভোট পড়তে পারে। অন্যদিকে চাপে থাকা মীরা কুমার অন্যতম প্রধান বিরোধী নেতা নীতিশ কুমার এবং তার দল কোভিন্দের পক্ষে সমর্থন দেওয়ায় বড় ধাক্কা খেয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দিল্লির পার্লামেন্ট ভবন এবং সব রাজ্যের বিধানসভায় স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পার্লামেন্টে প্রথম ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্লামেন্টের ৬২ নম্বর কক্ষে ভোটগ্রহণ হয়। ভারতের মোট ৩২টি জায়গায় ভোটগ্রহণ চলে। বিজেপি দাবি করেছে, তাদের প্রার্থী কোভিন্দ সহজ জয় পেতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইড়ু বলেন, সম্মানজনক ও সহজ জয় পাবেন কোভিন্দ। তবে বিরোধীরা বলেছে, মতাদর্শগত লড়াইয়ে মীরা কুমারই সবচেয়ে ভাল পছন্দ।
IMG0
এদিকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মন্ত্রী ভেঙ্কাইয়া নাইড়ুকে মনোনীত করেছে বিজেপি। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপি’র পার্লামেন্টারি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ৫ আগস্ট এই পদে নির্বাচন হবে। এই পদে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী।
ইত্তেফাক/সাব্বির