উল্টো পথে জবির বাস, বাধা দেয়ায় সার্জেন্টকে মারধর

 
দোতলা বাস নিয়ে উল্টো পথে যেতে না দেওয়ায় রাজধানীর বাংলামোটরে পুলিশের এক সার্জেন্টকে মারধর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল সোমবার বিকাল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার সার্জেন্টের নাম কায়সার হামিদ।
 
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকালে শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু’টি দোতলা বাস বাংলামোটরে সিগন্যালে এসে থামে। এ সময় কয়েকজন ছাত্র বাস থেকে নেমে কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে আটকে দোতলা বাস দু’টিকে উল্টো পথে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত সার্জেন্ট এসে বাধা দেন।
 
সার্জেন্টের সঙ্গে তাদের বাগ?বিতণ্ডা শুরু হয়। সার্জেন্ট ছাত্রদের চলতি ট্রাফিক আটকাতে নিষেধ করেন। একপর্যায়ে বাস থেকে আরও ছাত্ররা নেমে সার্জেন্টের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। এ সময় আবার কিছু শিক্ষার্থী হামলাকারীদের নিবৃত্ত করারও চেষ্টা করেন। তবে তাদের থামানো যাচ্ছিল না। ঘটনাস্থলে থাকা আরেক সার্জেন্ট দৌড়ে গিয়ে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দু’টি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে রওনা হয়।
 
প্রত্যক্ষদর্শী এক কলেজছাত্র বলেন, ঘটনার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসের মধ্যে একটি দোতলা বাস উল্টোপথে ঢুকে পড়ে। বাকি দু’টি বাসকে আটকাতে গিয়েই তোপের মুখে পড়েন সার্জেন্ট কায়সার। এ বিষয়ে সার্জেন্ট কায়সার হামিদ সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
 
ইত্তেফাক/আনিসুর