রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কমচটকা উপদ্বীপ অঞ্চল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। 
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং প্যাসিফিক সুনামি সেন্টার জানাচ্ছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাশিয়ার নিকোলস্কোয়ি থেকে ১২৪ মাইল পূর্ব-দক্ষিণ পূর্বে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। প্রবল এই ভূমিকম্পে এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ভূ-কম্পন অনুভূত হওয়ার পরেই মার্কিন প্যাসিফিক সুনামি সেন্টারের তরফে সমুদ্র তীরবর্তী ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা। আশঙ্কা করা হয়েছিল ২ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আসতে পারে। তবে এখনও পর্যন্ত সুনামি আছড়ে পড়ার কোনো খবর নেই। তবে ভূমিকম্পের পরেও বহু বার আফটার শক অনুভূত হয়েছে ওই এলাকায়। যার কম্পন মাত্রা ছিল ৫ ও এর আশেপাশে। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু