পারফর্ম করতে ইউরোপ যাচ্ছে মাইম অ্যাকশন

 
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন মূকাভিনয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সুদূর ইউরোপ। পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় ও ইয়েরেভান স্টেট প্যান্টোমাইম থিয়েটার এর আমন্ত্রণে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বের অন্যতম সম্মানজনক মূকাভিনয় উৎসবে যোগ দিতে যাচ্ছে মাইম অ্যাকশনের দুই সদস্যের টিম।
 
‘লিওনিড ইয়েঙ্গিবারিয়ান ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল’ নামক এই উৎসবটি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ জুলাই। পাঁচ দিনব্যাপী এই উৎসবে অংশ নিচ্ছে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র, আর্মেনিয়া, নাগার্নো কারাবাখ এবং বাংলাদেশের বাছা্ইকৃত মোট ১২ টি দল।
 
আন্তর্জাতিক এই উৎসবের অংশীদার হতে যাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর লোকমান ও সংগঠনটির সদস্য সাইফুল্লাহ সাদেক। তারা আগামী ১৯ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন।
 
আন্তর্জাতিক এই উৎসবে অংশগ্রহণ নিয়ে মূকাভিনেতা মীর লোকমান বলেন, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশেনর ৬ বছরের পথচলায় এটি একটি বড় সাফল্য। শুরু থেকে আমাদের লক্ষ্য ছিলো দেশের মূকাভিনয়কে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। আমরা সে পথেই আছি। তার জন্য দেশে যেমন মূকাভিনয়ের ব্যাপক পরিচিতি দরকার তেমনি প্রয়োজন আন্তর্জাতিক পরিমমণ্ডলের অভিজ্ঞতাও। আর ইউরোপ এক্ষেত্রে প্রধান ক্ষেত্র। আমরা আর্মেনিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে সেখানে যাচ্ছি। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের মূকাভিনয় শিল্পীরা অংশ নিবেন। তাদের সঙ্গে আমাদের ভাবে আদান প্রদান হবে। আশা করছি আমাদের মূকাভিনয় চর্চার জায়গাটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এই উৎসবটি বিশেষ ভূমিকা রাখবে।
 
উৎসবে প্রদর্শিত হবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের দর্শকপ্রিয় ও মীর লোকমানের নবম পূর্ণাঙ্গ একক প্রযোজনা ‘ওভারকাম’। ৪০ মিনিটের এ প্রদর্শনীতে ফুটে উঠবে সমসাময়িক বিশ্বের জীবন বাস্তবতা। ব্যক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্রিয়া-প্রক্রিয়ার দৃশ্য চিত্রায়িত হবে। প্রযোজনাটির গল্প ভাবনা ও নির্দেশনায় মীর লোকমান এবং আবহ সংগীত ও আলোক প্রক্ষেপণে রয়েছেন সাইফুল্লাহ সাদেক।
 
ইত্তেফাক/আনিসুর