মানিকগঞ্জে মাঝি হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের নৌকার মাঝি আবদুর রাজ্জাক হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
 
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পিরের চর গ্রামের মনিরুল ইসলাম, পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামে রাসেল মোল্লা ও কার্তিক হাওলাদার। 
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ অক্টোবর সকালে জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা হাটের ঘাট থেকে আবদুর রাজ্জাকের নৌকাটি পাঁচজন ভাড়া করে রাজবাড়ির দৌলতদিয়াঘাটের উদ্দেশে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় নৌকার অপর অংশীদার লাল্টু মল্লিক ঘাটে গিয়ে নৌকা দেখতে না পেয়ে আশপাশের অন্য মাঝিদের সাথে কথা বলে জানতে পারে নৌকাটি ১৬০০ টাকার ভাড়ায় দৌলতদিয়া ঘাটের উদ্দেশে গিয়েছে। পরে নৌকা ও মাঝি রাজ্জাকের খোঁজ না পেয়ে ৯ অক্টোবর হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করে লাল্টু মল্লিক। হরিরামপুর থানা পুলিশ পার্শ্ববর্তী রাজবাড়ি জেলার বাহাদুরপুর ঘাট এলাকা থেকে নৌকাটি উদ্ধার করে। এরই মধ্যে নৌকার মাঝি রাজ্জাককে ফেরৎ দেওয়ার আশ্বাসে মুক্তিপণ চেয়ে আসামিরা বিভিন্ন সময় ফোন করে লাল্টু মল্লিককে। পরে পুলিশ তদন্ত করে তিন আসামি মনিরুল ইসলাম, রাসেল মোল্লা ও কার্তিক হাওলাদারকে আটক করে। 
 
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট আবদুস সালাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট শিপ্রা রানী মামলা পরিচালনা করেন।
 
ইত্তেফাক/এমআই