বিএসএমএমইউর শিক্ষক সমিতির নির্বাচনের ফল স্থগিত

 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সমিতির নির্বাচনের ফল ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচনের ফলাফল কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা- জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে। 
 
আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক রিট পিটিশনের শুনানি নিয়ে এ আদেশ দেয়।
 
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
 
রিটের পক্ষে এডভোকেট সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের জানান, গত ৬ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নির্বাচন পরিচালনায় গঠিত কমিটি থেকে দুই সদস্য পদত্যাগ করায় কমিশনকে চিঠি দিয়ে নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার জন্য বলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। গত ১৩ জুলাই নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির প্রধান অধ্যাপক আতিকুর রহমান নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দিতায় এক পক্ষকে বিজয়ী ঘোষণা করেন। যাতে সভাপতি হলেন অধ্যাপক জুলফিকার রহমান।
 
বিএসএমএমইউ’র অধ্যাপক ফারুক হোসেন নব ঘোষিত কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ উল্লেখিত আদেশ দেয় আদালত।
 
রিটে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়। -বাসস
 
ইত্তেফাক/কেকে