ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড পাচ্ছেন শিক্ষামন্ত্রী

 
ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড- ২০১৭ এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। আগামী ২৩-২৪ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে তাকে এ পুরস্কার প্রদান  করা হবে। শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত ক্যাটেগরিতে তিনি এ পুরস্কার পাচ্ছেন। 
 
বিপুল সংখ্যক মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখা এবং সামাজিক মূল্যবোধ পরিবর্তনে অবদান রাখতে সক্ষম ব্যক্তিদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের জুরি ও কাউন্সিল অব্ বোর্ড মেম্বার্স আগামী ২৩ নভেম্বর শিক্ষামন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেবেন। এওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন প্রদান করা হবে।
 
ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস্ ও একাডেমিক কমিটির চেয়ারম্যান অ্যাওয়ার্ড স্মিথ বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে পাঠানো পত্রে বলেন, শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তি। বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে তিনি চিন্তাবিদ, কর্মী এবং পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ অ্যাওয়ার্ডের লক্ষ্য হচ্ছে, সেরাদের মধ্যে সেরা নির্বাচন করা।
 
ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস-২০১৭ সম্মেলনে শিক্ষামন্ত্রীকে বক্তব্য প্রদান এবং শিক্ষা ক্ষেত্রে তার জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
 
ইত্তেফাক/কেকে