রাজধানীর বংশালের সিদ্দিক বাজার এলাকায় এক সহপাঠীর ছুরির আঘাতে মাদ্রাসার এক শিক্ষার্থী খুন হয়েছে। নিহতের নাম জুনায়েদ আল হাবীব (১৪)। তার সহপাঠী তারেক আজিজ সোমবার রাতে ক্ষোভের বসবর্তি হয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে রাত ১২টার দিকে হাবীব মারা যান। পুলিশ এ ঘটনায় সহপাঠী তারেক আজিজকে আটক করেছে।
বংশাল থানা পুলিশ জানান, আটক তারেক আজিজ পুলিশের কাছে স্বীকার করে জানিয়েছে যে, তারা সিদ্দিক বাজার এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো ও সেখানে থাকতো। সহপাঠী হাবীবের উপর তারেক আজিজের বিভিন্ন সময় ক্ষোভের সৃষ্টি হয়। সেসব ক্ষোভে গত সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় সে সহপাঠী জুনায়েদ আল হাবীবকে বালিশ চাপা দেয়। এরপর গলায় ছুরিকাঘাত করে। পরে তার মৃত্যু নিশ্চিত হতে জুনায়েদ আল হাবীবকে ওই ভবনের পাঁচতলা থেকে ফেলে দেয়।
এদিকে, মাদ্রাসা থেকে মধ্যরাতে পুলিশকে এ ঘটনা জানালে পুলিশ ওই মাদ্রাসা থেকে তারেক আজিজকে আটক করে। ঘটনাস্থল থেকে জুনায়েদ আল হাবীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জানা গেছে, নিহত জুনায়েদের বাবার নাম তোফাজ্জল হাসান। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলায়। আজ মঙ্গলবার জুনায়েদ আল হাবীবের পরিবারের সদস্যরা তার লাশ নিতে ঢাকায় আসেন। সন্ধ্যায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/কেকে